
আয়োডিন ঘাটতিজনিত রোগ প্রতিরোধ এবং সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ উৎপাদন কার্যক্রমকে আরও গতিশীল করতে চট্টগ্রামের পটিয়ায় লবণ মিল মালিক ও প্রতিনিধিদের নিয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ‘আয়োডিনের ঘাটতি পূরণ (সিআইডিডি) প্রকল্প’ এবং নিউট্রিশন ইন্টারন্যাশনাল (এনআই)-এর যৌথ উদ্যোগে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পটিয়া পৌরসদরের থানার মোড়ে নোঙর রেস্তোরাঁয় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বিসিক শিল্পনগরী পটিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রমেশ চন্দ্র সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিক চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক ও উপসচিব খালেদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয় চট্টগ্রামের উপমহাব্যবস্থাপক এস এম এম আলমগীর আলকাদেরী, পটিয়া লবণ মিল মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন এবং বিসিক লবণ সেলের মনিটরিং কর্মকর্তা মোজাম্মেল হক।
কর্মশালায় পটিয়া লবণ মিল মালিক সমিতির আওতাধীন ৩০টির বেশি লবণ মিলের প্রতিনিধিরা অংশ নেন। তাদের আয়োডিনযুক্ত লবণ উৎপাদনে পরিমিত মিশ্রণ, মান নিয়ন্ত্রণ ও নিরাপদ ভোজ্য লবণ তৈরির বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পটিয়া লবণ মিল মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন চাঁনখালী খালে নাব্য সংকট এবং নাইখাইন সেতু নির্মাণকাজের পর পানির নিচে থাকা শিট পাইল তুলে নেওয়ার বিষয়টি তুলে ধরেন। এর ফলে লবণবাহী নৌকা চলাচলে বিঘ্ন ঘটার কথা জানালে প্রধান অতিথি খালেদ মাহমুদ এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সার্বিক বিষয়ে বিসিক পটিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রমেশ চন্দ্র সানা জানান, প্রতিবছরই লবণ শিল্পের সঙ্গে জড়িতদের দক্ষতা উন্নয়নে এমন প্রশিক্ষণের আয়োজন করা হয় এবং এবারও লবণ মিল মালিকদের প্রতিনিধিরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।
