হালদা নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ মতবিনিময় সভায়


প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর সংরক্ষণ, ব্যবস্থাপনা, পরিকল্পনা এবং পরিচালনা নির্দেশিকা প্রণয়ন বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ অধিদপ্তরের ইবিএম-ইসিএ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন।

সভায় পরিবেশ অধিদপ্তরের প্রকল্প ব্যবস্থাপক সাঈদ রিয়াদ প্রকল্প বিষয়ক একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা তুলে ধরেন। আসন্ন প্রজনন মৌসুমে হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা, নদী দূষণরোধ এবং হালদানির্ভর প্রান্তিক মানুষের বিকল্প কর্মসংস্থান নিয়ে করণীয় বিষয়ে মতামত ও ধারণা প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের ইবিএম-ইসিএ পরামর্শক বলাই চন্দ্র ভৌমিক ও পরামর্শক ইকিউএমএস মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে সার্বিক পরিস্থিতি নিয়ে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন, হাটহাজারী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, সংবাদকর্মী মো. বোরহান উদ্দিন, হালদার ডিম সংগ্রহকারী মো. শফিউল আলম এবং হালদা নদীর পাহারাদার মো. শহিদুল্লাহ।

সভায় উপস্থিত বক্তারা একমত পোষণ করে জানান, হালদা নদী দেশের এক অমূল্য সম্পদ এবং একে রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। এই নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সব ভেদাভেদ ভুলে প্রত্যেককে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও উল্লেখ করেন, হালদা নদী নিয়ে বর্তমানে যেসব সরকারি ও বেসরকারি সংস্থা কাজ করছে, তাদের মধ্যে নিবিড় সমন্বয় প্রয়োজন। সমন্বয় না করে যে যার মতো বিচ্ছিন্নভাবে কাজ করলে হালদা নদীর সুরক্ষায় প্রকৃত সুফল পাওয়া অত্যন্ত কঠিন হবে।