সিডনিতে আন্তর্জাতিক ইয়ুথ লিডারশিপ সামিটে চট্টগ্রামের আইনজীবী নাজমুল হাসান


অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইয়ুথ লিডারশিপ সামিটে অংশ নিচ্ছেন চট্টগ্রামের আইনজীবী ও তরুণ সমাজকর্মী অ্যাডভোকেট নাজমুল হাসান। আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক সংগঠন ইনুকা (INUKA) এবং আইইপি (IEP) যৌথভাবে এই সামিটের আয়োজন করেছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতৃত্ব, সমাজকর্মী ও উদীয়মান পেশাজীবীরা অংশ নেবেন।

অ্যাডভোকেট নাজমুল হাসান দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করে আসছেন এবং তরুণদের নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখছেন। এই সামিটে অংশগ্রহণের মাধ্যমে তিনি বৈশ্বিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্মেলনে নেতৃত্ব উন্নয়ন, সামাজিক উদ্ভাবন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং বৈশ্বিক সহযোগিতা বিষয়ে বিভিন্ন সেশন, কর্মশালা ও নেটওয়ার্কিং কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সামিটে অংশ নেওয়ার বিষয়ে অ্যাডভোকেট নাজমুল হাসান জানান, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন তরুণদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে। তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত এবং সেখান থেকে অর্জিত অভিজ্ঞতা দেশের তরুণ সমাজের কল্যাণে কাজে লাগাতে চান।