
ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসন এবং এসব বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারীতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে এই গণশুনানির আয়োজন করা হয়।
অফিস চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাগির হোসেন, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মুহাম্মদ গিয়াস উদ্দিন।
গণশুনানিতে উপস্থিত ভুক্তভোগীরা নিজেদের ভূমি সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং সভার সভাপতি শাহেদ আরমান তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি বিরোধ নিষ্পত্তি করেন। এছাড়া প্রধান অতিথি ভুক্তভোগীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার পাশাপাশি ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যায় সরাসরি এসিল্যান্ড শাহেদ আরমানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
