
চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ কৃষি ব্যাংকের পথেরহাট শাখায় ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা এবং শাখাটির এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শাখার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথেরহাট শাখার ব্যবস্থাপক শান্তা পাল এবং প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।
ব্যাংক কর্মকর্তা শান্তা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম (পূর্ব) আঞ্চলিক কার্যালয়ের মুখ্য ব্যবস্থাপক মো. আবু রায়হান এবং পথেরহাট শাখার প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপক এম. এ. মালেক।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির পাহাড়তলী শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন, পোমরা শাখার ব্যবস্থাপক শাহেদ বিন শরীফ এবং সমাজ হিতৈষী জাফর আহমেদ।
সভায় ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং গ্রাহকসেবা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রবাসী আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। সভা শেষে শাহ আমানত মার্কেটে স্থাপিত ব্যাংকের নতুন এটিএম বুথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, যা স্থানীয় গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা নগদ অর্থ উত্তোলনসহ আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
