
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকা থেকে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে ছিনতাইয়ের সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জোরারগঞ্জ থানার খিলমুরারী গ্রামের হিরা মিয়ার ছেলে আলতাফ হোসেন মানিক, একই এলাকার আব্দুল মান্নানের ছেলে নুর আলম এবং বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের এমদাদ হোসেনের ছেলে এনামুল হক নিলয়।
পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে জোরারগঞ্জ থানার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে নির্মল ত্রিপুরা নামের এক ব্যক্তিকে ঘিরে ধরে ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই যুবকেরা। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের তল্লাশি করে নির্মল ত্রিপুরার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকৃত নগদ ১ হাজার ৫০০ টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি হলুদ ও কালো রঙের কাটার উদ্ধার করে জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, গ্রেপ্তার হওয়া আলতাফ হোসেন মানিক, নুর আলম ও এনামুল হক নিলয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
