
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুয়াবিল ইউনিয়নের উত্তর হাজিরখিল এলাকার ফয়েজ আহমেদ সওদাগরের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহত যুবকের শরীরে মারধরের স্পষ্ট চিহ্ন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক দীর্ঘদিন ধরে বৈদ্যরহাট বাজার এলাকায় ঘোরাফেরা করতেন। বুধবার রাতে সুয়াবিল ফকিরবাগিচা মাজারের সামনে স্থানীয় এক ব্যক্তি আলী আকবরের সাইকেল চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দিয়ে ছেড়ে দেয়। বৃহস্পতিবার সকালে একইভাবে উত্তর হাজিরখিল এলাকার স্থানীয় কুয়েত প্রবাসী মাঈনউদ্দিনের বাড়ির জানালার গ্লাস ভাঙচুরের অভিযোগে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় তাকে। সেখানেই তার মৃত্যু ঘটে।
সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি এয়াকুব শহীদ জানান, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরে সে সুয়াবিল এলাকার বৈদ্যরহাট বাজারে ঘোরাফেরা করত। তার পরিচয় শনাক্তের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও চালানো হয়েছিল, কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, সুয়াবিল ইউনিয়ন থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে।
