
চট্টগ্রামের হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিশেষ ব্যবস্থাপনায় টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দীন আলী।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন সালাউদ্দীন আলী জানান, দেশের নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বাস্তবমুখী নানা উদ্যোগ গ্রহণ করেছে। টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড কার্যক্রম তারই একটি গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে নির্ধারিত উপকারভোগীরা সুলভ মূল্যে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাবেন। এতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব অনেকাংশে কমে আসবে বলে লায়ন সালাউদ্দীন আলী আশাবাদ ব্যক্ত করেন।
এই কার্যক্রম শুধু পণ্য সরবরাহেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি ডিজিটাল ও স্বচ্ছ ব্যবস্থাপনার অংশ উল্লেখ করে লায়ন সালাউদ্দীন আলী আরও জানান, টিসিবি স্মার্ট কার্ডের মাধ্যমে অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সেবা পৌঁছানো সহজ হবে।
নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে ও সচিব মোহাম্মদ জাহেদুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইউপি সদস্য মো. সেলিম উদ্দিন, মোহাম্মদ মাহফুজুর রহমান, মহিলা প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম এবং ইউপি সদস্যা নিলুফার ইয়াসমিন।
অনুষ্ঠান শেষে নাঙ্গলমোড়া ইউনিয়নের ৩০৮টি সুবিধাভোগী পরিবারের সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। কার্ডপ্রাপ্তরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই উদ্যোগ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহে বড় ধরনের সহায়তা করবে এবং পারিবারিক ব্যয় ব্যবস্থাপনায় স্বস্তি এনে দেবে।
