
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ স্লোগানে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
এরপর চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জায়নুল আবেদিন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিসকাত উদ্দিন মাহির সঞ্চালনায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. আরিফ উদ্দিন এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।
আলোচনা সভায় শাহীন দেলোয়ার, ডা. জায়নুল আবেদিন, ডা. মিসকাত উদ্দিন মাহি, মো. আনোয়ারুল আমিন, মো. আরিফ উদ্দিন এবং মোহাম্মদ মনির হোসেন জানান, একজন মানুষের সুস্থ জীবনযাত্রার ভিত্তি হলো সঠিক পুষ্টি। তাই পরিমিত ও সুষম খাদ্যগ্রহণের অভ্যাস গড়ে তোলা এবং শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধদের জন্য উপযুক্ত পুষ্টির বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সেই সঙ্গে সভায় মানুষের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং কোন ফলে কী ধরনের পুষ্টি রয়েছে, সে সম্পর্কেও সবাইকে অবগত করা হয়।
এ ছাড়া আলোচনা সভায় পূর্ববড় ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ এবং সাংবাদিক মনছুর আলম রানাসহ হাসপাতালের চিকিৎসক, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সিনিয়র নার্স, পুষ্টি কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
