জাকার্তায় ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা, উজবেকিস্তানকে হারিয়ে হকিতে প্রথম জয়


জাকার্তায় অনুষ্ঠিত উইমেনস এশিয়ান গেমস বাছাইপর্বে শক্তিশালী উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। হকির আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় এটি খেলোয়াড় অর্পিতা ও তার দলের প্রথম জয়।

শুক্রবার জিবিকে হকি ফিল্ডে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলা বাংলাদেশ ম্যাচের শুরুতেই রিমন শারিকার চমৎকার গোলে লিড নেয়। তবে উজবেকিস্তানের খেলোয়াড় খুজায়েভা মাদিনাবোনু পেনাল্টি কর্নার থেকে গোল করে দ্রুত সমতা ফেরান। এরপর দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে আক্তার কণা ফিল্ড গোল করে আবারও বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

ম্যাচের তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ম্যাচসেরার পুরস্কার জয়ী আইরিন রিয়া। তবে শেষ কোয়ার্টারে উজবেকিস্তান সহজে হার মানতে চায়নি। দলটির খেলোয়াড় খায়াদারোভা জুলখুমর পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান কমিয়ে আনেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের ঐতিহাসিক জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশের তরুণীরা।

এই জয়ের ফলে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে উজবেকিস্তান। আগামী রোববার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে হংকং নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আট দলের এই টুর্নামেন্টে শীর্ষ চার দল চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার চূড়ান্ত টিকিট পাবে।