মিরসরাইয়ে লোকালয়ে আসা মেছোবাঘের শাবক বনে অবমুক্ত


চট্টগ্রামের মিরসরাইয়ে বন ছেড়ে লোকালয়ে এসে পর্যটকদের হাতে ধরা পড়া একটি মেছোবাঘের শাবক নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে। শনিবার সকালে মহামায়া ইকোপার্ক সংলগ্ন বনে প্রাণীটিকে অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তারা।

এর আগে শুক্রবার সন্ধ্যায় মিরসরাইয়ের ঠাকুরদিঘী মহামায়া ইকোপার্কে বেড়াতে আসা পর্যটকদের হাতে ধরা পড়ে ওই মেছোবাঘটি। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মহামায়া ইকোপার্কের ক্যান্টিনের পাশে ঘোরাঘুরি করছিল মেছোবাঘের ওই ছোট শাবকটি। এ সময় সেখানে ঘুরতে আসা কয়েকজন পর্যটক মেছোবাঘটিকে ধরে ফেলেন। পরে খবর পেয়ে স্থানীয় বন বিভাগের কর্মীরা পর্যটকদের কাছ থেকে প্রাণীটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যান।

এ বিষয়ে বন বিভাগের মিরসরাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আল আমিন জানান, মহামায়া ইকোপার্কের গেটের ভেতরে শুক্রবার দুই মাস বয়সী মেছোবাঘের একটি শাবককে কয়েকজন পর্যটক ধরে ফেলেছিলেন। এরপর খবর পেয়ে বন বিভাগের কর্মীরা সেটিকে দ্রুত উদ্ধার করে নিয়ে আসেন। পরে শনিবার সকালে মেছোবাঘের শাবকটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে বা বনে অবমুক্ত করা হয়েছে।