
চট্টগ্রামের রাউজানে কাউসারুজ্জামান বাবলু হত্যার প্রতিবাদে লাশ রেখে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করেছেন নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাউজান পৌরসভার চারাবটতল বাজার এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এর আগে শুক্রবার রাতে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব আইলিখীল খামার টিলা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কাউসারুজ্জামান বাবলু। শনিবার দুপুরে বিক্ষুব্ধ জনতা সড়কে অ্যাম্বুলেন্সে কাউসারুজ্জামান বাবলুর লাশ রেখে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শত শত নারী-পুরুষ রাস্তায় নেমে খুনিদের দ্রুত বিচারের দাবি জানান।
প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রীরা। যানজটে আটকা পড়ে বাধ্য হয়ে অনেককে পায়ে হেঁটে গন্তব্যে ফিরতে দেখা যায়।
খবর পেয়ে রাউজান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অং সিং মারমা এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি স্বাভাবিক করতে অং সিং মারমা ও সাজেদুল ইসলাম বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দেন।
পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অং সিং মারমা ও ওসি সাজেদুল ইসলামের এই আশ্বাসের ভিত্তিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নেন এলাকাবাসী। তবে এই ২৪ ঘণ্টার মধ্যে খুনিরা আইনের আওতায় না এলে রাউজান থানা ঘেরাও করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
