
প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বার্তাই আজ শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, জীবনে একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে এবং সেই পরিকল্পনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে বাস্তবে রূপ দিতে হবে।
শনিবার সন্ধ্যায় পটিয়া উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম এসব কথা বলেন। এদিন হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত তোরণ উদ্বোধন, বিদ্যালয় তহবিলে এতিম শিক্ষার্থীদের আর্থিক অনুদানের চেক প্রদান, আজীবন দাতা সদস্য সম্মাননা, অভিভাবক সমাবেশ, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য এনামুল হক এনাম আরও বলেন, মানুষ জীবনের অনেক কিছুই শেয়ার বা ভাগাভাগি করতে পারে, কিন্তু জ্ঞান কখনো শেয়ার করা যায় না। একটি উন্নত জাতি গড়তে হলে সুশিক্ষার কোনো বিকল্প নেই। দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হলে সচেতন ও শিক্ষিত নাগরিক গড়ে তোলারও কোনো বিকল্প নেই বলে সংসদ সদস্য এনামুল হক এনাম তাঁর বক্তব্যে দৃঢ়ভাবে উল্লেখ করেন। একই অনুষ্ঠানে সংসদ সদস্য এনামুল হক এনাম বিদ্যালয় সংলগ্ন একটি রাস্তা দ্রুত সংস্কারের প্রতিশ্রুতিও দেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুকান্ত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে। অনুষ্ঠানে আজীবন দাতা সদস্য হিসেবে সংবর্ধিত অতিথি ছিলেন মোহাম্মদ বদিউল আলম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, হাজী মুহাম্মাদ আবুল বশর সিআইপি, সাবেক চেয়ারম্যান আজমল হোসেন জামাল, পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক, আলী আকবর এবং সাংবাদিক আবদুর রাজ্জাক।
