
চট্টগ্রামের রাউজানে কাউছার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন— মামলার ৩ নম্বর আসামি মো. শফি (৩৯) এবং ৫ নম্বর আসামি মো. সুমন (৩৩)।
এ ঘটনায় নিহত বাবলুর বাবা আবুল কালাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
গত শুক্রবার রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব আইলিখীল খামার টিলা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কাউছার জামান বাবলু। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে লাশ রেখে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় আসামিদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
ওসি সাজেদুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে বাবলুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
