
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. আবছার (৫৫) নামে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
গত শুক্রবার বিকেলে উপজেলার সরফভাটা ইউনিয়নের দক্ষিণ সিকদারপাড়া এলাকার একটি কৃষি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. আবছার পেশায় কৃষক ছিলেন। তিনি মরিয়মনগর ইউনিয়নের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সরফভাটার দক্ষিণ সিকদারপাড়া এলাকায় বসবাস করছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন তিনি। দুপুর পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেলের দিকে কৃষি জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
এলাকাবাসীর অভিযোগ, একটি ব্যক্তি মালিকানাধীন সেচ পাম্পের বৈদ্যুতিক তার কলাগাছের সঙ্গে ঝুলন্ত ও খোলা অবস্থায় ছিল। ওই খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ দীর্ঘদিন ধরে এমন ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি।
খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর শনিবার সকালে ময়নাতদন্তের জন্য তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রাতে মরদেহ নিজ গ্রাম মরিয়মনগরে নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
