কেন্দ্রে মোবাইল ও নকল: চকরিয়ায় ৩ পরীক্ষার্থী বহিষ্কার


কক্সবাজারের চকরিয়ায় এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রে অসদুপায় অবলম্বন এবং কেন্দ্রে মোবাইল ফোন আনার অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার বদরখালী কলেজ কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করেন কেন্দ্র সচিব ও বদরখালী কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, বহিষ্কৃত তিন পরীক্ষার্থী উপজেলার কোনাখালী করিম মিয়া উচ্চ বিদ্যালয়ের অনিয়মিত শিক্ষার্থী। পরীক্ষার হলে দুইজন খাতা দেখাদেখি করছিলেন এবং অপর একজন মোবাইল ফোন নিয়ে কৌশলে পরীক্ষা দিচ্ছিলেন। এ সময় কেন্দ্র সচিব বিষয়টি দেখতে পেয়ে তাদের হাতেনাতে ধরেন।

পরে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের অধীনে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ওই তিনজনকে বহিষ্কার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, তিনি বিষয়টি শিক্ষাবোর্ডের মাধ্যমে জেনেছেন। এই বহিষ্কারাদেশ শুধুমাত্র সংশ্লিষ্ট পরীক্ষার জন্যই প্রযোজ্য হবে। ফলে পরবর্তী পরীক্ষাগুলোতে ওই শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে আইন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।