
চট্টগ্রামের হাটহাজারীতে মহাসড়কের পাশে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি এবং মাদক সেবন করে বিশৃঙ্খলা করার অপরাধে তিন ব্যক্তিকে দণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার ফতেপুর ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে বালু রেখে গণউপদ্রব সৃষ্টির অভিযোগ পেয়ে ফতেপুর ইউনিয়নে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ঘটনার সত্যতা পেয়ে আবদুল মান্নানের ছেলে মো. শাহাবুদ্দিনকে মহাসড়ক আইন, ২০২১ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে জরিমানার টাকা আদায়ের পাশাপাশি তাকে অবিলম্বে সড়ক থেকে নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান।
একই দিন ফতেপুর ইউনিয়নের মদনহাট এলাকায় মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে অপর দুই ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন ফতেপুর ইউনিয়নের মোসা মিস্ত্রির ছেলে মো. ইউনুছ (৪৭) এবং হাটহাজারী এলাকার মো. কবিরের ছেলে মো. রফিক (৪২)।
অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মো. ইউনুছ ও মো. রফিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন মো. শাহেদ আরমান।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান।
