
কক্সবাজারের চকরিয়া উপজেলার বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান জমজম হাসপাতালের ট্রমা সেন্টারের ব্যবস্থাপনায় প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের নিয়ে “সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার মফস্বল জনপদে কর্মরত চিকিৎসকদের মানোন্নয়নের লক্ষ্যে সোমবার (২৭ এপ্রিল) জমজম হাসপাতাল মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক মো. কামাল হোছাইন এবং সার্বিক পরিচালনায় ছিলেন জমজম হাসপাতাল পিএলসির এক্সিকিউটিভ চেয়ারম্যান এন্ড সিইও মো. গোলাম কবির।
অনুষ্ঠানে সমসাময়িক রোগ নিরূপণপূর্বক সঠিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ সংক্রান্ত নানা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চকরিয়া সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিশকাত উদ্দিন মাহী, জমজম হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নাসিমা আক্তার, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. হেনরিয়েটা গোমেজ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন ডা. অনিক সরকার পলাশ, অর্থোপেডিক্স সার্জন ডা. মো. বাবর আলী, ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ ডা. প্রবাল বড়ুয়া, জমজম হাসপাতালের পরিচালক জি.এম রুকুন উদ্দীন এবং চকরিয়া পল্লী চিকিৎসক সমিতির সভাপতি খাইরুল আলম।
দিনব্যাপী এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আবদুল করিম, হাসপাতালের পরিচালক মুহাম্মদ শামসুদ্দিন, পরিচালক জালাল উদ্দিন এবং পরিচালক ফখরুল আনাম। এছাড়াও বিভিন্ন উপজেলার প্রান্তিক পর্যায়ের শতাধিক চিকিৎসক এবং হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন।
কর্মশালায় মো. গোলাম কবির তাঁর বক্তব্যে মানুষের দোরগোড়ায় মানসম্মত ও সঠিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রান্তিক চিকিৎসকদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নিত্যনতুন পরিবর্তনের সাথে নিজেদের আপডেট রাখার ওপরও জোর দেন।
