
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার চৌধুরীপাড়া এলাকার মৃত মংশি মগের ছেলে ইন্দাসারা ভিক্ষু প্রকাশ উচিমং মগ (৪৪)। অপর দুই নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালে চট্টগ্রামমুখী যাত্রীবাহী মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মাইক্রোবাসে থাকা তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, তারা ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করেছেন।
