হলিউড চেম্বার অব কমার্সের ‘কমিউনিটি লিডার’ হলেন মিরসরাইয়ের মহিন


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মর্যাদাপূর্ণ হলিউড চেম্বার অব কমার্সের ‘কমিউনিটি লিডার’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী আরিফুর রহমান মহিন। চট্টগ্রামের মিরসরাইয়ের সন্তান হিসেবে প্রথম কোনো বাংলাদেশি ব্যবসায়ী আন্তর্জাতিক এই সম্মাননা অর্জন করলেন।

ক্যালিফোর্নিয়া বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির অঞ্চল হিসেবে পরিচিত। সেখানকার এমন একটি প্রভাবশালী সংগঠনের স্বীকৃতি প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই অর্জন আরিফুর রহমান মহিনের নেতৃত্বগুণ, ব্যবসায়িক সাফল্য এবং সামাজিক সম্পৃক্ততার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

হলিউডের পর্যটনভিত্তিক ব্যবসায় আরিফুর রহমান মহিন নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ‘হলিউড বেস্ট সুভ্যেনির’, ‘হলিউড সুভ্যেনির ল্যান্ড’ এবং ‘হলিউড সুভ্যেনির হাট’ নামের তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি সেখানকার অন্যতম পরিচিত উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া ‘ইমেন্স নভেলটি’ নামের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে ব্যবসার নতুন ক্ষেত্র সম্প্রসারণে কাজ করছেন তিনি।

প্রবাসে সাফল্যের পাশাপাশি দেশেও মানবিক কার্যক্রমে যুক্ত রয়েছেন আরিফুর রহমান মহিন। তিনি ২০১৬ সালে প্রতিষ্ঠিত সেবামূলক প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা পরিচালক। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র, ইফতার ও ঈদসামগ্রী বিতরণ, বন্যাদুর্গত এলাকায় খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়াসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বয়স্কদের শুদ্ধভাবে কুরআন ও নামাজ শিক্ষার জন্য ‘ক্রিয়েটিভ ফেইথ রিকানেক্ট’ এবং যুবসমাজের জন্য ‘ক্রিয়েটিভ ক্রিকেট প্লাস’ নামে দুটি প্ল্যাটফর্মও প্রতিষ্ঠা করেছেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরিফুর রহমান মহিন জানান, তরুণ সমাজকে স্বাবলম্বী করতে তিনি বিনামূল্যে ‘ট্রেডিং মার্কেট’, ‘অ্যামাজন সেলার’ ও ‘ড্রপ শিপিং’ শেখানোর উদ্যোগ নিতে চান। পাশাপাশি মাদক নির্মূলে কাজ করাও তার পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। হলিউডের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা নিজের জন্য গর্বের উল্লেখ করে তিনি আরও জানান, ব্যবসা ও সমাজসেবা একসঙ্গে এগিয়ে নিলে একটি টেকসই ও ইতিবাচক পরিবর্তন সম্ভব।

আরিফুর রহমান মহিনের গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে। তিনি হাবিলদার বাসা ওবায়দুল হক ও আংকুরের নেছা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী ওবায়দুল হক কোম্পানির নাতি এবং মাহবুবুল আলম কোম্পানির দ্বিতীয় পুত্র।