লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির ২০২৬-২০২৭ সেবাবর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট উদ্যোক্তা ও সমাজসেবিকা সালমা আদিল এমজেএফ।

সম্প্রতি নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত ক্লাবের বার্ষিক সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান সভাপতি পুলিন চন্দ্র ঘরামী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ভিশন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম। সভায় প্রধান নির্বাচক হিসেবে আগামী সেবাবর্ষের জন্য ক্লাব কর্মকর্তাদের নাম ঘোষণা করেন ক্লাব উপদেষ্টা ও রিজিয়ন চেয়ারম্যান হেড কোয়ার্টার লায়ন শওকত চৌধুরী এমজেএফ।

নতুন এই কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন জাহাঙ্গীর আলম, লায়ন আবদুর রাজ্জাক ও লায়ন আবদুল হালিম। এছাড়া সেক্রেটারি হিসেবে লায়ন অ্যাডভোকেট মুখলেছুর রহমান এবং ট্রেজারার হিসেবে লায়ন আবদুর রহিম দায়িত্ব পেয়েছেন।

বিপুলসংখ্যক লায়ন ও লিওদের উপস্থিতিতে আয়োজিত আড়ম্বরপূর্ণ এই সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আর সি লায়ন আশিকুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, জেড সি লায়ন মনজুর আলম, লায়ন সাইফুর রহমান এমজেএফ, লায়ন অ্যাডভোকেট নুরুদ্দিন আরিফ চৌধুরী এবং লায়ন মনিরুজ্জামান প্রমুখ।