
চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত এই কলেজের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর নীতিমালা ও মানদণ্ড অনুসরণ করে ইতোমধ্যে কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই উদ্বোধনের মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষে ৫০ জন বেসামরিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে পাঁচ বছর মেয়াদি চিকিৎসা শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আধুনিক এই মেডিকেল কলেজটি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে গড়ে ওঠা একটি চিকিৎসাবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তর ও চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অতিথি, চিকিৎসা ও শিক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান জানান, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে আধুনিক চিকিৎসাবিষয়ক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে প্রতিষ্ঠিত এ মেডিকেল কলেজ স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান আরও জানান, দক্ষ, নৈতিক ও পেশাদার চিকিৎসক তৈরির মাধ্যমে এটি সশস্ত্র বাহিনীর চিকিৎসা সক্ষমতা বৃদ্ধি করবে এবং একইসঙ্গে দেশের সাধারণ জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান আরও বলেন, নৌবাহিনী মেডিকেল কলেজটির মূল লক্ষ্য স্বাস্থ্যখাতের জন্য দক্ষ চিকিৎসক তৈরি করা, যারা সমাজের সকল স্তরে এবং যেকোনো পরিস্থিতিতে কার্যকর চিকিৎসা প্রদান করতে সক্ষম হবেন। পাশাপাশি দুর্যোগকালীন চিকিৎসা এবং সংক্রামক রোগ ব্যবস্থাপনায় গবেষণা ও বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হবে বলেও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান উল্লেখ করেন। এর মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থায় স্বনির্ভরতা অর্জন এবং উপকূলীয় দুর্যোগপ্রবণ অঞ্চলে চিকিৎসাসেবায় দক্ষ জনবল গড়ে তোলা সম্ভব হবে।
জানা যায়, প্রতিষ্ঠানটিতে আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত শ্রেণিকক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। চিকিৎসা বিজ্ঞানের সুদক্ষ শিক্ষক ও প্রশিক্ষিত জনবল দ্বারা অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। নৌবাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সমন্বয়ে পরিচালিত এই মেডিকেল কলেজ দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
