পটিয়ায় বাস থেকে নামিয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ


চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কে চলন্ত বাস থেকে নামিয়ে গোলাম মাওলা আদনান নামের এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওই এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি।

অপহৃত আদনান চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা হারালা গ্রামের মোহাম্মদ হোসাইনের ছেলে। তার ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।

আদনানের চাচা ও চট্টগ্রাম শহরের ব্যবসায়ী মোহাম্মদ হারুন জানান, চন্দনাইশ থেকে বাসে করে চট্টগ্রাম শহরে আসছিলেন আদনান। পথে পটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে বাস থেকে নামিয়ে মারধর শুরু করে। ওই সময় আদনান নিজের মোবাইল ফোন থেকে কল করে ঘটনাটি জানানোর পরপরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরবর্তীতে অপহরণকারীরা ফোনে পরিবারের কাছে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে একটি বিকাশ নম্বর দেয়। সেই নম্বরে টাকা পাঠানোর পর থেকে আদনানের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান তার চাচা।

এ ঘটনার পর আদনানের পরিবার জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চায় এবং পটিয়া থানায় যোগাযোগ করে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎস যশ চাকমা এ প্রসঙ্গে জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং অপহৃত কিশোরকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।