
মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কিউচি’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এপ্রিল মাসে দেশে আসা এটি অকটেনের তৃতীয় চালান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভেড়ে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হবে।
এর আগে গত ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছিল। দেশে দৈনিক এক হাজার ২০০ টন অকটেনের চাহিদা রয়েছে। সেই হিসেবে এই এক মাসে আসা মোট ৭৯ হাজার টন অকটেন দিয়ে দুই মাসেরও বেশি সময় দেশের চাহিদা মেটানো সম্ভব হবে।
এ বিষয়ে প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বন্দরের বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে আরও পাঁচটি জাহাজ অবস্থান করছে। এছাড়া গত বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে বলে নজরুল ইসলাম নিশ্চিত করেন।
প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম আরও জানান, চট্টগ্রাম বন্দরে ডলফিন জেটি রয়েছে মাত্র তিনটি। তাই কর্তৃপক্ষ চাইলেও সবগুলো জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব নয়। এর পাশাপাশি বর্তমান আবহাওয়া খারাপ থাকায় কার্গো খালাস করতে একটু বেগ পেতে হচ্ছে বলেও প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম উল্লেখ করেন।
