রামুতে বন্য হাতির হামলায় মা-মেয়ের মৃত্যু


কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমণে মা ও তার তিন বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার আব্দুল করিম কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—একই এলাকার বাসিন্দা আকরাম মিয়ার স্ত্রী আসমা বিবি (২৫) এবং তার মেয়ে মোহছেনা বেগম (৩)।

স্থানীয়রা জানান, ভোরের দিকে বন্য হাতির একটি দল লোকালয়ে ঢুকে আব্দুল করিম কলোনিতে হামলা চালায়। এ সময় ঘরের ভেতরে থাকা মা ও মেয়ের ওপর হাতির দলটি আক্রমণ করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীন বাবুল জানান, হাতির দলটি হঠাৎ করেই কলোনিতে ঢুকে পড়ে এবং এ দুর্ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন্য হাতির উপদ্রব থেকে রক্ষা পেতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।