‘বছর শেষে দেশে ফেরার আশা’ সাকিবের


বছরের শেষ নাগাদ দেশে ফেরার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ভারতের গণমাধ্যম ‘স্পোর্টস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকলেও তিনি আশাবাদী যে, বছর শেষের আগেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

সাকিব বলেন, “একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে, তা কত দ্রুত সম্ভব।”

কীভাবে ফিরবেন—তা নিশ্চিত না হলেও চলতি বছরের শেষ দিকেই দেশে ফেরা সম্ভব হবে বলে প্রত্যাশা করছেন তিনি।

সাক্ষাৎকারে ক্রিকেটের পাশাপাশি নিজের রাজনৈতিক ক্যারিয়ার নিয়েও কথা বলেছেন এই অলরাউন্ডার। গত বছর ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

রাজনীতিতে আসার সিদ্ধান্তের প্রসঙ্গে সাকিব বলেন, “পেছনের দিকে তাকালে মনে হয়, অবসরের পর রাজনীতিতে আসা হয়তো ভালো হতো। সেটাই সম্ভবত আদর্শ পরিস্থিতি হতে পারত।”

দেশে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছা পোষণ করলেও তা এখনো পূরণ হয়নি সাকিবের। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ফেরা নিয়ে চলমান টানাপড়েনে থমকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

সাকিব স্বীকার করেছেন, পুনরায় বাংলাদেশের জার্সিতে মাঠে নামাটা এখন আর পুরোপুরি তার নিজের নিয়ন্ত্রণে নেই।

২০২৪ সালের অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হয়নি সাকিবের। গত ১৮ মাসে তার প্রত্যাবর্তন নিয়ে অনেক কথাবার্তা শোনা গেলেও তা শেষ পর্যন্ত গুঞ্জন হিসেবেই থেকে গেছে।

বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের দাবি, তাকে দেশে ফেরাতে তেমন কোনো উদ্যোগই নেওয়া হয়নি।