চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি, হয়েছে জলজট: প্রতিমন্ত্রী


চট্টগ্রামে কোনো জলাবদ্ধতা হয়নি, হঠাৎ বৃষ্টিতে ‘জলজট’ হয়েছিল বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উন্নত বিশ্বের দেশগুলোতেও এমন জলজট হয় বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ ও খনন করা খাল পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। তার এই বক্তব্য নিয়ে সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা।

এর আগে বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে কথা বলার সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেনকে ধমকের সুরে থামিয়ে দিয়েও সমালোচনার মুখে পড়েছেন প্রতিমন্ত্রী।

মঙ্গলবার দিনভর এবং বুধবার দুপুর থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা, যা নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়। চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানও।

বুধবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী শাহে আলম এলাকা পরিদর্শনে আসেন। তার আসার আগেই বৃষ্টি কমে যায় এবং ভাটার টানে পানি নেমে যায়।

সবচেয়ে বেশি জলাবদ্ধতা হওয়া প্রবর্তক মোড় পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। জলাবদ্ধতার খবর ফলাও করে প্রকাশ করায় ক্ষোভ ঝাড়েন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামের কোথাও পানি দেখা যায়নি। অথচ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে—চট্টগ্রাম শহর পানির ওপর ভাসছে।

এ সময় সিটি মেয়র ডা. শাহাদাৎ হোসেন কিছু বলতে গেলে তাকে ধমকের সুরে থামিয়ে দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীর এই বক্তব্য এবং প্রতিমন্ত্রীর মর্যাদায় থাকা চসিক মেয়রকে থামিয়ে দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

পরিদর্শনের সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমসহ সিটি কর্পোরেশন ও সিডিএর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।