
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্য ডা. আবদুল্লাহ আল ইরফানের পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বটতলী মোটর স্টেশন এলাকায় ‘লোহাগাড়ার সচেতন নাগরিক পরিষদ’-এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইরফানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
তারা দাবি করেন, ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে হাসপাতালের জন্য বরাদ্দকৃত যন্ত্রপাতি, আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ না করে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেছেন তিনি।
বক্তারা আরও বলেন, এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। পরে অডিটেও তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা মিলেছে বলে তাদের ভাষ্য।
এমন গুরুতর অভিযোগে অভিযুক্ত একজন কর্মকর্তাকে তদবির ও অর্থের বিনিময়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে বলে দাবি করেন বক্তারা। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ, উদ্বেগ ও ভীতির সৃষ্টি হয়েছে বলে তারা জানান।
বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, পূর্বের মতো এখানেও স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির পুনরাবৃত্তি ঘটতে পারে। এতে সাধারণ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হবে এবং স্বাস্থ্য বিভাগের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে।
অবিলম্বে ওই কর্মকর্তার পদায়ন বাতিলের দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
লোহাগাড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জহির উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা নুরুল ইসলাম সিকদার, সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান, প্রজন্ম লোহাগাড়ার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক তামিম মির্জা এবং লোহাগাড়া বিআরডিবির সাবেক চেয়ারম্যান আবদুল্লাহসহ আরও অনেকে।
