
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় মোহাম্মদ ইয়াসিন (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ইয়াসিন বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের হারবাং ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন উপজেলার হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার মো. আলীমের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে করে বরইতলী বাজার থেকে বাড়ি ফিরছিলেন ইয়াসিন। এ সময় পেছন দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, ঘটনার পর বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
স্বেচ্ছাসেবক দলের এই নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।
