
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের আদার চর ইমাম আবু হানিফা (রহ.) মাদ্রাসা হিফজুল কুরআন ও এতিমখানার সবকদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসাইন আজাদ।
তিনি বলেন, “কুরআনের শিক্ষায় আলোকিত একটি প্রজন্মই পারে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর করতে। হাফেজরা কেবল কুরআনের ধারক নন, তারা নৈতিকতার অগ্রদূত—যারা ভবিষ্যতে দেশ ও জাতিকে সঠিক পথে নেতৃত্ব দেবে।”
এতিম ও হাফেজ শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা ও মানবিক বিকাশ নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এম ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আদার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী, মাদ্রাসার ইবতেদায়ী শাখা প্রধান মাওলানা কুতুব উদ্দিন, হেফজ বিভাগের শিক্ষক মাওলানা হাফেজ মোরশেদ এবং অভিভাবক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান।
বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসার ও হাফেজ তৈরির এ ধারা সমাজে নৈতিকতার ভিত্তি সুদৃঢ় করছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলছে।
অনুষ্ঠানে সবক প্রদান করেন হেফজ বিভাগের পরিচালক হাফেজ ক্বারী মাওলানা জাকারিয়া। শিক্ষার্থীদের তেলাওয়াত ও দোয়া উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
মাদ্রাসা পরিচালনা কমিটির দায়িত্বশীল মাস্টার আলিম সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেফজ বিভাগের পরিচালক মাস্টার ইউসুফ, শিক্ষক আনসারুল্লাহ আনাস, খুলু মিয়া, আবদুস সাত্তারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
