
শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় দলের সেক্রেটারি শাহজাহান চৌধুরী এমপি।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে চট্টগ্রামের কেরানিহাট এলাকায় শুক্রবার আয়োজিত মিছিল ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, “দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক সমাজ। শ্রমিকদের ঘাম, শ্রম ও ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে জাতীয় উন্নয়নের ভিত। তাই শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।”
শ্রমিকদের অধিকার আদায়ে সব অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তার ভাষ্য, “একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় শ্রমিক শ্রেণির ভূমিকা অপরিসীম। শ্রমিকের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত না হলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন কখনো সম্ভব নয়।”
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রমিক নেতা মোহাম্মদ ইসহাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ার উল আলম চৌধুরী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এবং জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সাতকানিয়া জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, সমাজকল্যাণ সেক্রেটারি রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি দিদারুল ইসলাম, মাওলানা খানে আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মিজান শিকদার।
সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমবান্ধব রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
