
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার দলটির কয়েকশ নেতাকর্মী চান্দগাঁও আবাসিক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাদের হাতে গণভোটের রায় বাস্তবায়নের দাবি সম্বলিত লিফলেট দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে বিতরণ করা হয়।
গণসংযোগে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর শিবিরের সাবেক নেতা ও ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড জামায়াতের সভাপতি ওমর গণি এবং চট্টগ্রাম মহানগর দক্ষিণ শিবিরের সাবেক সভাপতি ও চান্দগাঁও ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজ শোয়াইব।
ওমর গণি বলেন, “গণভোটের রায় কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেট নয়, এটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও সিদ্ধান্তের প্রতিফলন। দেশের মানুষ একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশে প্রবেশ করতে চায় বলেই এই গণভোটে অংশগ্রহণ করে নিজেদের রায় দিয়েছে।”
“জনগণের দেওয়া এই রায় কার্যকর না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের সংগ্রাম করছে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য। কেন্দ্রঘোষিত এই গণসংযোগ পক্ষ উপলক্ষে জামায়াতে ইসলামী চান্দগাঁও আবাসিক এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।”
