‘মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, সামাজিক ও নৈতিক শিক্ষার কেন্দ্রও’


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ‘মসজিদে সাঈদ আলী আস-সাদি’র সম্প্রসারণ কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

শুক্রবার দুপুরে মসজিদে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সামাজিক ও নৈতিক শিক্ষার কেন্দ্রও। মসজিদের সম্প্রসারণের মাধ্যমে আরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন, যা এলাকার ধর্মীয় পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।”

তিনি আরও বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মসজিদের সম্প্রসারণ কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং ধর্মীয় কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।”

মাওলানা হাসান রউফির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আন্তর্জাতিক ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ছাবের আহমদ, কলাউজানের পীর গোলাম রসুল কমরী, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা ইসহাক কাজী নুরুল আলম ও মাহমুদুল হক পেয়ারু।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন মামুন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. আলী, অর্থ সম্পাদক মো. সাদেক হোসেন, হাবিবুল ইসলাম, মোজাম্মেল হোসাইন ও হাফেজ আলাউদ্দিনসহ মসজিদ কমিটির সদস্য, মুসল্লি ও এলাকাবাসী।

পরে দোয়া ও মোনাজাতে কাজের সফল সমাপ্তি কামনা করা হয়।