ধর্ম আলাদা হতে পারে, কেউ সংখ্যালঘু নই: এমপি এনামুল হক

“আমরা সবাই বাংলাদেশের নাগরিক; ধর্ম আলাদা হতে পারে, কিন্তু কেউ সংখ্যালঘু নই”—মন্তব্য করেছেন চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

শুক্রবার রাতে পটিয়া পৌরসদরের ২ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক বলেন, “সবার ধর্ম পালনের অধিকার সংবিধান আমাদের দিয়েছে। এখানে কারো ধর্ম পালনে কেউ বাধা সৃষ্টি করার অধিকার রাখে না। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, আমরা কাউকে ছাড় দেব না।”

তিনি বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তির বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। এখানে সব ধর্মের মানুষই নিরাপদে বসবাস করবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ পরিবেশে যার যার ধর্ম পালন করব।”

পটিয়ায় কোনো মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর স্থান হবে না বলে মন্তব্য করেন তিনি।

এমপি এনামুল হক বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো অনিয়ম বা অপরাধে জড়িয়ে পড়লে সামাজিকভাবে প্রতিরোধ করবেন, পাশাপাশি প্রশাসনের হাতে তুলে দেবেন।”

পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, সাবেক চেয়ারম্যান শফিকুল আলম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, বিএনপি নেতা আবদুল মাবুদ, দিদারুল ইসলাম, জাসাস নেতা নাছির উদ্দীন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ইয়াছির আরাফাত ও সাবেক সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু।

আরও বক্তব্য দেন পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, বৌদ্ধ বিহারের জ্ঞানজিৎ ভিক্ষু, বুদ্ধ সেবক ভিক্ষু, শ্রদ্ধাপ্রিয় ভিক্ষু, প্রজ্ঞাপ্রিয় ভিক্ষু, সারিপুত্র ভিক্ষু, ধর্মপাল শ্রামণ, সংঘপাল শ্রামণ ও নন্দপ্রিয় শ্রামণ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরসহ নেতারা।