
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় রোগী পরিবহনের একমাত্র ওয়াটার অ্যাম্বুলেন্স জোয়ারের পানিতে তলিয়ে গেছে।
শনিবার দুপুরে আন্তর্জাতিক সংস্থা আইওএমের দেওয়া এ ওয়াটার অ্যাম্বুলেন্সটি ঘাটে নোঙর করা অবস্থায় তলিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত জ্বালানি ব্যয়ের কারণে উদ্বোধনের পর থেকেই অ্যাম্বুলেন্সটি কার্যক্রমে রাখা সম্ভব হয়নি। যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে এটি ঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
দ্বীপের বাসিন্দা কামরুল ইসলাম বলেন, “ওয়াটার অ্যাম্বুলেন্সটি নামমাত্র দেওয়া হলেও এতে কোনো যাত্রী সেবা পায়নি। উদ্বোধনের পর থেকে অযত্ন-অবহেলায় পড়ে আছে এবং দেখভাল করার কেউ ছিল না।”
কুতুবদিয়া উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মারুফ বলেন, “নোঙর করা ওয়াটার অ্যাম্বুলেন্সটি জোয়ারে তলিয়ে যাওয়ার খবর পেয়ে দুপুরে ঘাটে লোক পাঠানো হয়েছে। উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
