সাতকানিয়ায় এলডিপির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান


চট্টগ্রামের সাতকানিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সহস্রাধিক নেতাকর্মী।

শনিবার সন্ধ্যায় কেরানিহাটের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে নতুন রাজনৈতিক পথচলা শুরু করেন তারা।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উত্তর সাতকানিয়া এলডিপির সদস্য সচিব আনিসুর রহমান সিকদার, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, আমিরুজ্জামান মেম্বার, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, উপজেলা মহিলা এলডিপির সাধারণ সম্পাদক ঝর্না আক্তার, কালিয়াইশ ইউনিয়ন এলডিপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ মেম্বার এবং বাজালিয়া এলডিপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী মহসিন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জসিম উদ্দিন আহমেদ বলেন, “আজ সন্ধ্যায় সাতকানিয়ার ছয়টি ইউনিয়নের ৫ হাজার এলডিপি নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। আমরা তাদের সাদরে গ্রহণ করেছি।”

তিনি বলেন, “আমি এলাকায় কোনো ধরনের সংঘাত, মারামারি বা হানাহানি চাই না। আমরা একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত চন্দনাইশ-সাতকানিয়া গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানে জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়কারী এমএ হাশেম রাজু বলেন, “চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষ দীর্ঘদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করেছে। মাঝখানে তারা অলি আহমদের কাছে জিম্মি ছিল। এখন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঘরের ছেলেরা আবার ঘরে ফিরে এসেছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চট্টগ্রাম-১৪ আসনটি দীর্ঘদিন ধরে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও অলি আহমদের পুত্র ওমর ফারুক পরাজিত হন। বিজয়ী হন বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ। নির্বাচনের পর থেকে এলডিপির অভ্যন্তরে ভাঙনের আভাস দেখা দেয়।

এলডিপি নেতাকর্মীদের দলত্যাগের বিষয়ে দলটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই যোগদানকে সাতকানিয়া ও চন্দনাইশে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এম এ হাশেম রাজু, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এহছানুল মৌলা, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন হিরো, সোলাইমান বাবুল, এহছানুল কাইয়ুম টুটুল, নজরুল ইসলাম ও জিয়াবুল হক।