পেকুয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।

নিহত তাজমিন তাজনোভা (বাপ্পি) (১৬) মগনামা ইউনিয়নের মটকাভাঙা এলাকার মৃত আবু ছৈয়দের মেয়ে। তিনি মগনামা উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অজান্তে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তাজমিন। পরে তার বড় ভাই দেলোয়ার হোসেন খুঁজতে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।

স্বজনরা দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মগনামা ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য শাহ আলম বলেন, একজন কিশোরী আত্মহত্যা করেছে বলে শুনেছি। তবে এর প্রকৃত কারণ জানা যায়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

কেউ মানসিক সংকটে থাকলে বা আত্মহত্যার চিন্তা করলে কান পেতে রই হেল্পলাইনে (01779-554391) যোগাযোগ করতে পারেন।