
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ৪০ জন শিক্ষিত বেকার তরুণ-তরুণীকে নিয়ে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
রোববার সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে এ প্রশিক্ষণ শুরু হয়। বাসটি মূলত একটি ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকাব-২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পের পূর্ণ নাম ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’।
এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুই মাসব্যাপী এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর খাগড়াছড়ির উপপরিচালক হাফিজা আইরিন।
ইউএনও তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, সমবায় কর্মকর্তা সংগীতা ভৌমিক, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন এবং প্রশিক্ষক মো. শরিফ উল কাশেম ও সৌরভ রায়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নের বেকার যুবক-যুবতীদের আবেদন থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২০ জন ছেলে ও ২০ জন মেয়েকে বাছাই করা হয়েছে। চারটি শিফটে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী কম্পিউটার শেখার সুযোগ পাচ্ছেন।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা ছয় মাসের ডিপ্লোমা কোর্সের সমমানের একটি সনদ পাবেন। এ সনদ ব্যবহার করে সরকারি-বেসরকারি চাকরিতে আবেদন এবং ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নেওয়ার সুযোগ পাবেন।
ইউএনও তাহমিনা আফরোজ বলেন, “গ্রামের দরিদ্র ও মেধাবী যুবক-যুবতীদের বিনামূল্যে মানসম্মত কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তারা স্বাবলম্বী হতে পারবে এবং তাদের জীবনমান উন্নয়ন ঘটবে।”
