
চট্টগ্রামের পটিয়ায় স্কেভেটর চালককে মারধরের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে জখম হয়েছেন বিএনপির পেশাজীবী দলের পটিয়া উপজেলা কমিটির সিনিয়র সদস্য আরাফাত হোসেন (৩৩)।
রোববার (৩ মে) বিকালে পটিয়া উপজেলার শোভনদণ্ডী কুরাঙ্গিরী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে এলাকায় সরকারি একটি প্রকল্পের কাজ চলাকালে স্কেভেটর চালককে মারধর করেন বিএনপি নেতা আবদুস শুক্কুরের ছেলে মিজানুর রহমান। প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা নিপা এন্টারপ্রাইজের সুপারভাইজার আরাফাত হোসেন পরে ঘটনাস্থলে এসে ঘটনার ব্যাপারে জানতে চাইলে মিজানুর পুনরায় এসে তাকে হাত ও পায়ে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন।
স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
আরাফাতের পরিবারের অভিযোগ, মিজানুর রহমান মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। আরাফাত দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করে আসছিলেন। রোববার স্কেভেটর চালককে মারধরের প্রতিবাদ করায় আগের রেষ ধরে তাকে জখম করা হয়েছে।
পরিবারের আরও অভিযোগ, মিজানুর একসময় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। গত ৫ অগাস্টের পর বিএনপির ব্যানারে এসে এলাকায় নানা অপকর্ম করছেন।
শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল ইসলাম বলেন, “মিজানুর রহমান এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা শুনেছি। আরাফাত একাধিকবার এর প্রতিবাদ করেছিলেন। এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা।”
ঘটনার পর মিজানুর রহমান আত্মগোপনে রয়েছেন।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, “এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আরাফাতের পরিবার জানিয়েছে।
