
ইরানে আবারও সামরিক অভিযান শুরু হলে বেসামরিক মানুষের জন্য তা অত্যন্ত ধ্বংসাত্মক হবে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়ারিচ।
তেহরান সফরকালে তিনি বলেন, “ছয় সপ্তাহের সংঘাত ইরান ও মধ্যপ্রাচ্যকে এমন এক যুদ্ধের ধরনে ঠেলে দিয়েছে, যা বেসামরিক মানুষ এবং তাদের টিকে থাকার জন্য জরুরি অবকাঠামোর ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। একই মাত্রা ও তীব্রতার সংঘাতে ফিরে গেলে তা কোটি মানুষের জন্য বিপর্যয় ডেকে আনবে।”
সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি, উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি, ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেইন কোলিভান্দসহ ইরানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বর্তমান যুদ্ধবিরতি প্রসঙ্গে স্পোলিয়ারিচ বলেন, “বর্তমান যুদ্ধবিরতি মানবিক সহায়তা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। আমরা আশা করি, এই সময়টিকে কাজে লাগিয়ে সংঘাতে ক্ষতিগ্রস্ত কোটি মানুষের চাহিদা পূরণ করা সম্ভব হবে।”
তিনি বলেন, “যুদ্ধবিধ্বস্ত একটি অঞ্চলের মানবিক মূল্য বিশ্ব বহন করতে সক্ষম নয়। আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্য রাজনৈতিক সদিচ্ছার ওপরই কোটি মানুষের জীবন নির্ভর করছে।”
একটি টেকসই যুদ্ধবিরতি এবং পরবর্তী রাজনৈতিক সমাধানের পথ শুরু করতে যুদ্ধের মধ্যেও মানবিকতা রক্ষা ও উত্তেজনা কমানোর সম্মিলিত অঙ্গীকারের ওপর জোর দেন তিনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আইসিআরসি ইরানে অতিরিক্ত কর্মী নিয়োগ করেছে এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও চিকিৎসা সহায়তা সরবরাহ করেছে।
