
চট্টগ্রামের হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
শনি, রবি ও সোমবার টানা তিন দিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সোমবার রাতে থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে উপজেলার কয়েকটি স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। বিষয়টি প্রশাসনের নজরে এলে মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ছাত্রলীগের সক্রিয় সদস্য আরহাদ হোসেন আহাদ (২৮), ফতেপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য জানে আলম (৩৫), চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. পারভেজ হোসেন (২৪), হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো. দিদারুল আলম (৩৫), ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং মিছিলে অর্থদাতা মো. শফিউল আলম (৫৫), ছাত্রলীগের সক্রিয় সদস্য ফারহান মাসুদ তাওসীফ (২৩), মো. জাহেদুল আলম জাহেদ (২৩), মো. রাকায়েত হাসান শুভ (২০), মো. আবদুল্লাহ তুষার (২২) এবং মো. আশরাফুল ইসলাম তামিম (২০)।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, গ্রেপ্তার এই দশ জনকে এরই মধ্যে আদালতে পাঠানো হয়েছে।
