
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়ে দেশ ও জাতি গঠনে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মো. ইব্রাহিম মির্জা। একই সঙ্গে শিক্ষার্থীদের একটি পরিচ্ছন্ন ছাত্ররাজনীতি উপহার দিতে নিজের সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন চট্টগ্রামের পটিয়া পৌরসদর থেকে উঠে আসা এই ছাত্রনেতা।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি ও আগামী দিনের লক্ষ্য সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন মো. ইব্রাহিম মির্জা। তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মাঠপর্যায়ে থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। কমিটিতে গুরুত্বপূর্ণ এই পদ পাওয়ায় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ সকল নেতৃবৃন্দ এবং বিশেষ করে কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করে বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদের সন্তান ইব্রাহিম মির্জা জানান, ২০০১ সালে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তিনি স্মরণ করেন, সে সময় স্থানীয় ছাত্রনেতা ইদ্রিস পানু, মিসকাত আহমদ এবং পরবর্তীতে বাহাদুর খাদেমির দিকনির্দেশনায় তিনি রাজনীতিতে দীর্ঘ সময় অতিবাহিত করেন। বিগত সরকারের শাসনামলে প্রতিটি আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
ইব্রাহিম মির্জা আরও জানান, ২০১৮ সালে ঢাকায় স্থানান্তরিত হওয়ার পর থেকে মোহাম্মদপুরে ছাত্রদলের প্রতিটি সাংগঠনিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে তিনি অত্যন্ত সক্রিয়ভাবে মাঠে ছিলেন। সেখানে কেন্দ্রীয় ছাত্রদলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পর তার রাজনৈতিক পথচলায় এক নতুন মাত্রা যোগ হয়। সোমবার (৪ মে) অনুমোদিত এই নতুন কমিটিতে স্থান পেয়ে তিনি আগামী দিনেও রাজপথে সক্রিয় থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার কথা পুনর্ব্যক্ত করেছেন।
