
কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) আওতাধীন বিভিন্ন সীমান্ত পয়েন্টে এসব অভিযান পরিচালিত হয়।
পালংখালী ও হোয়াইক্যং সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা করছে বলে বিজিবির কাছে খবর আসে। এর ভিত্তিতে সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হয় বলে বিজিবি সূত্র জানিয়েছে।
এরই ধারাবাহিকতায় পালংখালী বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকার উলুবনিয়া মাঝেরকাটি ও পশ্চিমপাড়া ব্রিজ সংলগ্ন স্থানে দুটি পৃথক অভিযান চালায় বিজিবি।
এই দুই অভিযানে যথাক্রমে ৭০ হাজার এবং ১০ হাজার পিসসহ মোট ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
একই দিনে হোয়াইক্যং বিওপির ক্যারেঙ্গাঘোনা এলাকায় তৃতীয় অভিযানটি চালানো হয়। সেখান থেকে আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
তবে তিনটি অভিযানের কোনোটিতেই পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্র ও বিজিবি জানিয়েছে।
সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানান উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
তিনি আরও জানান, মাদক পাচার রোধে সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
