
চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় আবিরা জাহান নুসরাত নামের এক শিশু নিহত হয়েছে।
সাত বছর বয়সী নুসরাত উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।
নিহত নুসরাত উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের মেয়ে।
দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল শিশুটি।
এলাকার বাসিন্দা মোহাম্মদ সালমান বাপ্পী জানান, রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী জোনাকি পরিবহনের একটি বেপরোয়া বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন স্থানীয়রা।
তবে পথে শারীরিক অবস্থার আরও অবনতি হলে নুসরাতকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান সালমান বাপ্পী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. শরিফুজ্জামান জানান, রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
তিনি বলেন, “আমরা ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। তবে চালক পালিয়ে গেছে।”
এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
