হাটহাজারীতে নালা ভরাট করায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা


চট্টগ্রামের হাটহাজারীতে জলাবদ্ধতা নিরসনে অভিযান চালিয়ে একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকালে উপজেলার কাটিরহাট বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

রাতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আবদুল্লাহ আল মামুন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কাটিরহাট বাজারের ‘রাহুল মেডিকেল হল’ নামের ওই ফার্মেসি নিজেদের দোকানের আবর্জনা রাস্তায় ফেলে নালা ভরাট করছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটির ওষুধ বিক্রির কোনো বৈধ লাইসেন্স ছিল না।

এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত ওই ফার্মেসিটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে তাৎক্ষণিকভাবে এই অর্থ আদায় করা হয়।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন ড্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিদর্শনে যান ইউএনও। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলদের নিয়ে ড্রেনগুলো ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

একই সঙ্গে ব্যবসায়ীদের নিজেদের দোকানের আবর্জনা যথাযথভাবে ব্যবস্থাপনা করা এবং ড্রেন পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয় বলে স্থানীয়রা জানান।

জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আবদুল্লাহ আল মামুন।