
চট্টগ্রামের রাউজানে নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শেখ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই শ্রমিকের নাম সাগর ও দৌলত।
প্রত্যক্ষদর্শী ও অন্যান্য শ্রমিকদের সূত্রে জানা যায়, সকালে প্রবাসী মোহাম্মদ ফরিদের বহুতল ভবনে কাজ করছিলেন ওই দুই শ্রমিক। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজ বৈদ্যুতিক তারের সঙ্গে তাদের স্পর্শ লাগে।
এতে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে ভবনের নিচে পড়ে যান বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত পাহাড়তলী ইউনিয়নের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাগর ও দৌলতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কথা জানালেও নির্মাণ কাজের কন্ট্রাক্টর দীপক বসাক ভিন্ন দাবি করেছেন।
তিনি জানান, কাজ করার সময় হঠাৎ মাচা ভেঙে নিচে পড়ে গিয়ে ওই দুজন আহত হয়েছেন।
ভবন মালিক মোহাম্মদ ফরিদ প্রবাসে থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে তার ভাই লোকমান বলেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তাই তারা কীভাবে নিচে পড়েছেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়েট পুলিশ ক্যাম্পের ইনচার্জ হোসেন ইবনে নাঈম ভূঁইয়া।
আহত দুই শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বা তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
