পিডিবি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (ডিপ্রকৌস) ১৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিতে প্রকৌশলী মো. সোহরাব হোসেনকে আহ্বায়ক এবং প্রকৌশলী মো. নাজমুল ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত বিদ্যুৎ ভবনে সাধারণ প্রকৌশলীদের এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সবার সম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সভায় নেতারা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ডিপ্লোমা প্রকৌশলী নামধারী কিছু চিহ্নিত সুবিধাভোগী ব্যক্তি এই সমিতিকে আওয়ামী লীগের লেজুড়বৃত্তিক সংগঠনে পরিণত করেছিল।

তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনের সব খাতকে ফ্যাসিস্টমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বতন্ত্র পেশাজীবী এবং বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ডিপ্লোমা প্রকৌশলী নেতারা এখন ঐক্যবদ্ধ বলে সভায় উল্লেখ করা হয়।

নতুন কমিটির নেতারা জানান, সাধারণ ডিপ্লোমা প্রকৌশলীদের দাবিদাওয়া আদায়ে স্বতন্ত্র সংগঠন হিসেবে তারা সবসময় সাধারণ প্রকৌশলীদের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।

নতুন এই কমিটি গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সম্পূর্ণভাবে ফ্যাসিস্টমুক্ত হলো বলেও দাবি করেন তারা।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন প্রকৌশলী মো. সিহাব উদ্দীন, সোহরাব হোসেন, মো. সাজিদ, মো. রায়হানুর রহমান রুহেল, মো. সজীব উদ্দীন, মো. ওলিউল ইসলাম, মো. নূর ইসলাম, আলাউদ্দীন সোহাগ এবং মো. আনিছুর রহমান।