
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক দুটি অভিযানে ১০৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালায় বলে থানা সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শান্তিরহাট মাছ বাজার সংলগ্ন সড়কে পুলিশের একটি দল অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা রেখে তিন ব্যক্তি পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ১৩টি প্লাস্টিকের পলিব্যাগে রাখা মোট ৭৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ হাজার টাকা।
মাদক বহনে ব্যবহৃত অটোরিকশাটিও সেসময় জব্দ করে পুলিশ।
অন্যদিকে, বেলা ২টা ৫০ মিনিটে রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে মো. সেকান্দার (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন পুলিশ সদস্যরা।
তার বসতঘরের পেছনে লুকিয়ে রাখা অবস্থায় আরও ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব মদের দাম প্রায় ১৫ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন এসব অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার মো. সেকান্দারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হচ্ছে।
এ ছাড়া সকালে অটোরিকশা ফেলে পালানোর প্রথম ঘটনাটিতেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন।
