ফটিকছড়িতে ছাদে খেলার সময় নিচে পড়ে শিশুর মৃত্যু


চট্টগ্রামের ফটিকছড়িতে আবাসিক ভবনের সাত তলা থেকে নিচে পড়ে মো. কারিম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ‘হাসান টাওয়ার-১’ নামক ভবনে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু কারিম উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুনসুর গোমস্তার বাড়ির সৌদি প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশুটি তার ভাইয়ের সঙ্গে ওই ভবনের ছাদে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে ভবনের ছাদের কিনারে গিয়ে সে রেলিংয়ে উঠে পড়ে।

সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই শিশু কারিমের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

নিহত শিশুর নানা মো. রহমত উল্লাহ ভারাক্রান্ত কণ্ঠে বলেন, “দুপুরে দুই ভাই একসঙ্গে খেলছিল। একসময় সে সবার অজান্তে বাইরে চলে যায়। পরে জানতে পারি, রেলিং টপকে সে নিচে পড়ে গেছে। মুহূর্তের মধ্যেই আমাদের সব শেষ হয়ে গেল।”

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।

তিনি জানান, হাসান টাওয়ারের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ ঘটনার বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।