
চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় এক যুবদল নেতার হত্যা মামলার আসামির উপস্থিতির অভিযোগ উঠেছে।
বুধবার বেলা ১১টা থেকে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।
সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।
জানা গেছে, গত ১২ মার্চ মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ড্রামট্রাক চাপায় মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন নিহত হন।
এই মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে গত ১৪ মার্চ জোরারগঞ্জ থানায় নিহতের ছেলে আরাফাতুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় প্রধান আসামি করা হয় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এজাহারভুক্ত আসামি হয়েও ওই যুবদল নেতা বুধবারের সভার এক পর্যায়ে কক্ষে প্রবেশ করে একটি চেয়ারে বসে ছিলেন। পরে সভা শেষ হওয়ার একটু আগে তিনি বেরিয়ে যান।
প্রশাসনের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা সভায় হত্যা মামলার আসামির এমন উপস্থিতি নিয়ে সেখানে উপস্থিত অনেকের মধ্যে কানাঘুষা করতে দেখা যায়।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ আইনশৃঙ্খলা সভায় উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
তিনি জানান, বুধবারের ওই সভার শেষ দিকে তিনি ভেতরে কিছুক্ষণ অবস্থান করে পরে বের হয়ে যান।
বিষয়টি নিয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, সোহাগ নামের ওই ব্যক্তিকে তিনি কক্ষে প্রবেশ করতে দেখেননি।
হয়তো পেছনের দরজা দিয়ে তিনি ঢুকে থাকতে পারেন বলে ধারণা করছেন এই ইউএনও। তবে তিনি স্পষ্ট করে জানান, এই ধরনের সভায় নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও উপস্থিত থাকার কোনো নিয়ম নেই।
